রাজধানীর পল্লবীর ফ্ল্যাটে বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি–২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এই কর্মকর্তা আগামীকাল বৃহস্পতিবার বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
এর আগে, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ছয় নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাট থেকে রোববার রাতে নুরজাহান বেগমের পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। বেশ কয়েকদিন ধরে বাড়িটি বন্ধ থাকায় এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবায় খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর ওই বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশীদের অভিযোগ, নুরজাহান বেগম দীর্ঘদিন একা বসবাস করতেন। তার অন্য আরেক সন্তান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে স্কুল শিক্ষিকা। নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন। মায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না।