দেশের অর্থনীতি নতুন এক মাইলফলকে পৌঁছেছে। প্রথমবারের মতো বাংলাদেশের মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০০ বিলিয়ন ডলারের ঘরও ছাড়িয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক জাতীয় হিসাব থেকে এসব তথ্য জানা গেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা ডলারে হিসাব করলে ৩ হাজার ২০ ডলার। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা।
একই সময়ে দেশের অর্থনীতির আকারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এর আগের অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।
প্রবৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। সাময়িক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে পৌঁছেছে। ফলে প্রবৃদ্ধি, মাথাপিছু আয় এবং অর্থনীতির সামগ্রিক আকার—তিন ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।