মোহাম্মদপুরে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জশনে জুলুস অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র্যালি)।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি মোহাম্মদপুর শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড, ধানমন্ডি ২৭ নং রোড ঘুরে সাত মসজিদ রোড ও শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে শেষ হয়। এই বছর জুলুসের নেতৃত্ব দেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। জুলুস শেষে মাহফিলে সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ শাহ্।
উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। দিনটি ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে উদযাপিত হয়।