আগামী জুলাই মাসে সরকার প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, ‘সারাদেশে মিডডে মিল চালু করা ও পাঠদানকে আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনেও কাজ করছে সরকার।’
সোমবার (১৫ জুন) মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের দিকে গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এজন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদান করা হয়েছে।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুর রহিম, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।