বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরবরাহ সন্তোষজনক থাকায় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর কোন সুযোগ নেই। বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক আছে। যদিও নতুন ও পুরাতন চালের ক্ষেত্রে দামের কিছুটা তারতম্য রয়েছে। কিন্তু দামের ঊর্ধ্বগতি নেই।
তিনি বলেন, চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে। চাল ছাড়াও সব ধরনের খাদ্যমূল্য স্থিতিশীল রয়েছে।
তিনি আরও বলেন, শুধু এখন নয়, গত রোজার পর থেকে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল আছে। আমরা শুধু বিশ্ববাজারে দাম সমন্বয় করার জন্য সয়াবিন তেলের দাম বাড়িয়েছি। এছাড়া অন্য কোনো পণ্যের দামে কোনো অস্থিরতা নেই।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ বছর বাজেট পরবর্তীতেও বাজারে কোনো অস্থিরতা ছিল না।
এসময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সরকারের কাছে আপদকালীন মজুত থাকার কথা ১৩ লাখ টন খাদ্যশস্য। সেখানে আমাদের মজুত আছে ২০ লাখ টন। পাশাপাশি সন্তোষজনক সংগ্রহ কার্যক্রম চলছে। খাদ্যশস্যের কোনো ঘাটতি বা সমস্যা নেই। সরকারের বোরো ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক।