প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নৈতিক সাহস নাই তবে তাদের নাশকতার সক্ষমতা আছে, তাই জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে।’
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে, শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে। পুরো সফরে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। শুরু হওয়ার পর থেকে এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার চেষ্টা করবে সরকার।
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে ঐকমত্য হওয়া গেছে। এছাড়া ওশোনোগ্রাফিক রিসার্চের জন্য দেশেই প্রথমবারের মতো জাহাজ তৈরি করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, জনগণের ওপর যেন কোনো অন্যায় আচরণ না হয়, সেটি এ সরকার নিশ্চিত করবে। জাইমা রহমান বা অন্য যেকোনো নারী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখে। আর প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই উন্মুক্ত হবে এমন আশা করতে পারি।
এর আগে, ১৬ জুন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।