চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ অত্যন্ত কড়া নিরাপত্তায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন শুক্রবার (২৬ জুন) সকালে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
এর আগে, বৃহস্পতিবার (২৪ জুন) চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজকের এই বৈঠকের পর দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক এক নতুন সমীকরণ পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সব আনুষ্ঠানিকতা শেষে আজ (শুক্রবার) রাতেই প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলসহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।