ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে ৩ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (১ জুলাই) সংবাদমাধ্যমে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (৩ ঘণ্টা) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে অন্যান্য স্টেশনে মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে।
যাত্রীদের সাময়িক এ অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, আজ (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে এবার দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।