জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সংক্রান্ত সেবা বন্ধ ঘোষণা করেছে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট। রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের সই করা ওই অফিস আদেশে বলা হয়, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ব্যতীত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ৬ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এসব ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
এ ক্ষেত্রে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী উপজেলা অথবা থানা নির্বাচন কর্মকর্তা। পাশাপাশি উপজেলা অথবা থানা নির্বাচন কর্মকর্তা ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন। একইভাবে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ‘খ-১’ ক্যাটাগরি, সিনিয়র জেলা নির্বাচন অথবা জেলা নির্বাচন কর্মকর্তা ‘খ’ ক্যাটাগরি, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ‘গ-১’ ক্যাটাগরি এবং আঞ্চলিক নির্বাচন অফিসার ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন।
তবে যেসব আবেদন অনলাইনে সম্ভব, সেগুলোর ক্ষেত্রে হার্ডকপি গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ রয়েছে।