টিকিটের নামে প্রতারণার অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ গ্রহণ করে টিকিট সরবরাহ না করার অভিযোগে ওঠে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্ল্যাইট এক্সপার্টের (এফইবিডি) বিরুদ্ধে।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ঘটনায় এ বছর ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় প্রতিষ্ঠানের সাত জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন, সালমান বিন রশিদ শাহ সায়েম, এম এ রশিদ শাহ সম্রাট, আমির হামজা রশিদ শাহ নায়েম, এ কে এম শাহদাত হোসেন, আব্দুল গণি মেহেদী, মো. সাকীব হোসেন ও মোতাহের হোসেন।
সিআইডি জানায়, প্রতিষ্ঠানটি বি-টু-বি (বিজনেস টু বিজনেস) ও বি-টু-সি (বিজনেস টু কনজিউমার) উভয় পদ্ধতিতে বিমান টিকিট বিক্রি করত। বিভিন্ন সময়ে অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন সাব-এজেন্ট ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হয়। কিন্তু নির্ধারিত টিকিট সরবরাহ না করে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম ১ আগস্ট ২০২৫ তারিখে দেশ ত্যাগ করেন।