দেশের অন্যতম তাঁতসমৃদ্ধ জেলা সিরাজগঞ্জে তাঁতশিল্পের আধুনিকায়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে নতুন তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ শহরের মিরপুর বিড়ালা কুঠিতে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন সিরাজগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু একটি ভবন নয়, বরং দক্ষ তাঁতি তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী নকশা উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরির কার্যকর প্ল্যাটফর্ম।
তিনি বলেন, ‘তাঁতশিল্পকে শুধু ঐতিহ্য হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময়, সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে হবে। এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি তাঁদের জীবনমান ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি আরও জানান, দেশের বন্ধ পাটকলগুলো বেসরকারি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সিরাজগঞ্জের দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় জুটমিল দ্রুত চালুর প্রক্রিয়াও এগিয়ে চলছে। পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন ও শিল্পায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, তাঁত বোর্ডের প্রতিনিধিরা এবং স্থানীয় তাঁতি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।