অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা হিসেবে ৫ কোটি ১৫ লাখ টাকা, ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল, ঢেউটিন ও গৃহ নির্মাণ অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই বরাদ্দ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলমান বন্যায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ৫৬টি উপজেলা, ৩৭৪টি ইউনিয়ন এবং চারটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন ঘটনায় ৫৯ জনের মৃত্যু এবং ৪০ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, গত ৭ জুলাই থেকে এ পর্যন্ত সারাদেশে মানবিক সহায়তা হিসেবে ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ, ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল, ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে বন্যাকবলিত সাত জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা এবং ৩ হাজার ৩৫০ মেট্রিক টন চাল। এছাড়া দেশের অন্যান্য ৫৭ জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তাও পর্যায়ক্রমে দেওয়া হবে।