তিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) সার্জিও গর ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেন, আমার বন্ধু, মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।
তিনি বলেন, সার্জিও গরের এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।