দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে সার্জিও গর লেখেন, ‘বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে ভালো লেগেছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’
সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত।
কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
বিশেষ দূতের মন্তব্যকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।