কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে এক সফরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। সফরে তারা জাতিসংঘ পরিচালিত বিভিন্ন ত্রাণ প্রকল্প ও রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবস্থিত জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা ও উন্নয়নমূলক প্রকল্প পর্যবেক্ষণ করবে। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পও ঘুরে দেখবে।
নানা প্রকল্প ও ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সন্ধ্যার দিকে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলের।