দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলে সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এই জন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টো রথযাত্রা ও সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়ে আতঙ্কের কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যেন মাথাচাড়া দিতে না পারে আইন-শৃঙ্খলা বাহিনী সেজন্য তৎপর রয়েছে।