শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলন একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে। ভারত সরকারের এই আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।
রনধীর জয়সওয়াল আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত ভারত সরকার সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে বেসরকারি একটি উদ্যোগ। ওই মঞ্চ থেকে উত্থিত কোনো বক্তব্যের সমর্থন করে না ভারত। একই সঙ্গে, পুরো বিষয়টির সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
এর আগে, সকালে আদালতের নির্দেশনা অনুযায়ী, কোনো গণমাধ্যম যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে, সে আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জাহেদ উর আরও বলেন, ‘এর আগেও এ বিষয়ে গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল সরকার। কেউ যদি আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং পরে তা প্রকাশ বা সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।’
অন্যদিকে, ‘বিদ্বেষমূলক’ না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে আইসিটি আইন অনুযায়ী ‘বিদ্বেষমূলক’ বক্তব্যে প্রচারের ওপর নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন তিনি।