দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব মনোনয়নপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।