তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বহির্বিশ্বে বাংলাদেশের অর্জন, অগ্রগতি ও অবস্থানকে আরও কার্যকরভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির প্রচার নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের অগ্রাধিকার ও নীতিগত অবস্থান তুলে ধরা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বপরিসরে আরও জোরালোভাবে উপস্থাপনের কৌশল নিয়ে আলোচনা করেন তারা।
ড. আইরিন জুবাইদা খান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। জবাবে তথ্যমন্ত্রী প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তারকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। এ ধরনের অপতথ্য মোকাবিলায় দ্রুত ও নির্ভুল তথ্যপ্রবাহ নিশ্চিত করা, কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ এবং ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
তথ্যমন্ত্রী এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান উদ্যোগ তুলে ধরে বলেন, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।