অর্থমন্ত্রী
চলতি বছরেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।
এদিকে একই অনুষ্ঠানে ‘সরকারের ১৮০ দিনে’র কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে। সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে।
তিনি বলেন, ১৮০ দিনের মধ্যে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং যেগুলো শুরু করেছে, সেগুলো প্রশংসিত হয়েছে বলে তিনি আশা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু-একটি সংকটময় পরিস্থিতিও সরকার সফলভাবে মোকাবিলা করেছে।