দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে পরিবর্তন এসেছে। কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তার সঙ্গে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। পরে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারকে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ৬ ধারার উপধারা (১) অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের দায়িত্বের মেয়াদ হবে পাঁচ বছর।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকদের সমমর্যাদা পাবেন। একই সঙ্গে তারা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপরিমাণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।