বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত দুই রাষ্ট্রনায়কের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ নেওয়ার আগেই জুমার নামাজের পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সুরা ফতেহা পাঠ ও মোনাজাত করেছেন।
আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।