প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে ৪ জন পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন মন্ত্রীরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
নতুন ২ প্রতিমন্ত্রী হলেন— প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
নতুন ৬ সদস্যের শপথের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।