বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আনসার ও ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। গত ২১ আগস্ট প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এম. রশিদুজ্জামান মিল্লাত।
সাক্ষাতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়। বিমানবন্দরগুলোকে দেশের প্রবেশদ্বার উল্লেখ করে যাত্রীসেবা, সার্বিক শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় আনসার ও ভিডিপির মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তায় আনসার সদস্যদের মোতায়েন ও দায়িত্ব পালনের বিষয়ে নেওয়া প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।