বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সদ্যসাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে তাকে সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কমিটির সভাপতির পদটি শূন্য হয়। এরপর জহির উদ্দিন স্বপনকে নতুন সভাপতি করা হলো।
পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।
এদিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে।
এর আগে এই কমিটির সভাপতি ছিলেন আন্দালিব রহমান পার্থ। তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরিবর্তন আনা হয়।