প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্ট বক্তব্য দিতে হবে। তিনি জুলাইয়ের আন্দোলনকারী সবাইকে সন্ত্রাসী বলেছেন। শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী বলেছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে। ফেব্রুয়ারিতেই হবে সুষ্ঠু ভোট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সবাই দিনরাত কাজ করছেন।
তিনি বলেন, মানুষ সুশাসন চায়। কিন্তু সেটি একদিনে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার নিয়ে বিভিন্ন দেশে ১০ থেকে ১৫ বছর ধরে আলোচনা চলে। নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে। নেপালে এমন সংস্কার করতে ৯ বছর লেগেছে।
তিনি আরও বলেন, অনেকে বলার চেষ্টা করেন যে, জুলাই সনদে নারী-শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই। তাহলে রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণিপেশার প্রতিনিধিত্ব করে না? সব কিছুই সনদে আছে।
কর্মসংস্থান তৈরি করা পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হবে মন্তব্য করে শফিকুল আলম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখানে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এআই ইতোমধ্যেই শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।
প্রেস সচিব বলেন, রেল প্রজেক্টে পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে। সব কিছু গোপালগঞ্জে টাচ করা হয়েছে। এসব কিছু করেছে শেখ হাসিনার চোরতন্ত্র। আগামী সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।