রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় বার্ন ইন্সটিটিউটের পাশ থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইন্সটিটিউটের পাশে অচেতন অবস্থায় নিহত ব্যক্তিকে পরে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশেপাশে লোকের মুখে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে এবং ওই এলাকায় থাকতো। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি। মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।