জাতীয় নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্বৃত্তদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট-১’ শুরু করে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
এসব নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা নির্বাচনে অংশ নেবেন, তারা আগ্নেয়াস্ত্র চাইলে তাদের লাইসেন্স দেওয়া হবে। এছাড়া নির্বাচনে অংশ নিতে যাওয়াদের মধ্যে যাদের আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা আছে, সেগুলো ফেরত দেওয়া হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে- এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে, এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।