মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতি প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও সই করেন রাষ্ট্রপতি।
পুষ্পস্তবক অর্পণের সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টারা, কূটনীতিক, আহত-পঙ্গু মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে স্মৃতি সৌধ প্রাঙ্গন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় রাষ্ট্রপতির গাড়িবহর।