ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপ প্রতিবেদনে ওঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ। বেসরকারি সংস্থা এমিনেনস অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট (কেআইবি) মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।
জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে জানানো হয়, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান। আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ মানুষ।
জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নের জবাবে ৭৭ শতাংশ মানুষ বলেছেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে ও জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। ১ শতাংশের বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।
নির্বাচনে আওয়ামী লীগকে চান না ২৮%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ৬৯% মানুষ।
আগামী নির্বাচনে কে জিতবে, জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেন ৭৪ শতাংশ মানুষ। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে। আর এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন।
গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, এমন প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ মানুষ জানিয়েছেন তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি মানুষ।