বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। এছাড়াও তিস্তা-পদ্মাসহ অভিন্ন নদী থেকে ভারতের কাছ থেকে হিস্যা আদায় করা হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনের জন্যে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে পরে মাঠের পরিস্থিতি বুঝা যাবে।
অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে দেশকে অপমান করা হয়েছে। আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।
বিএনপির এই মহাসচিব বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়া উত্তরাঞ্চল সফরে আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।