ছাত্রদলের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে আলোচনা করতে ইসিতে গেছে। এর আগে ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ইসিতে যায়। এর আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে।
আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। আমাদের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য তাদের সঙ্গে আলোচনায় বসব। তার আগে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছি বলেও জানান তিনি।
বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে এসে বসে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। এতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত হন।
নির্বাচন ভবনের সামনের সড়কে দেওয়া পুলিশের ব্যারিকেডের সামনে ও বিপরীত পাশের সড়কে অবস্থান নেন তারা। এ ছাড়া খণ্ড ও খণ্ডভাবে কয়েকটি গ্রুপ সড়কে ঘুরে ঘুরে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের সামনের সড়কে বসে পড়ার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।