ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। নিজ নিজ নির্বাচনী এলাকার রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা।
প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। চলবে ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে এ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এবারের নির্বাচনে এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। ইসি পরিপত্র অনুযায়ী, ব্যালট পেপারে প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে চূড়ান্ত করা হবে।