আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও ভোট দেবেন ২২ জন সাবেক সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী। তাদের মধ্যে- সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, কে এম রহমাতুল্লাহ, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, আব্দুল আজিজ ও ডা. এনামুর রহমানসহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ রয়েছেন। দেশে প্রথমবারের মতো কারাগারে ভোট দেওয়ার বিধান চালু হওয়ায় এই সুযোগ পাচ্ছেন তারা।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি। দেশের ৭১টি কারাগারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বুথ স্থাপন, ভোট দেওয়ার সময় ও স্থান নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
দেশজুড়ে ৬৪ জেলায় মোট কারাগারের সংখ্যা ৭৫টি। এসব কারাগারে বর্তমানে ৮৪ হাজারেরও বেশি বন্দি রয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথম কারাবন্দিরা সরাসরি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর পাশাপাশি ইসি আইন সংশোধন করে হাজতিদের ভোটাধিকার প্রয়োগের বিধান যুক্ত করেছে। তবে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মোট ৮৪ হাজার কারাবন্দির মধ্যে ৫৯৬০ জন নিবন্ধন করেছেন। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) জানিয়েছেন, অনেক বন্দির জাতীয় পরিচয়পত্র না থাকায় আবার অনেকে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলক কম।
একই সঙ্গে আইজি প্রিজন জানিয়েছেন, প্রথমবারের মতো কারাগারে ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: চ্যানেল২৪