রংপুরে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলার আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদু ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করে।
১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আজ আদালত আসামি পলাশের মৃত্যুদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ রায়ে বাদী পক্ষ পুরোপুরি সন্তুষ্টি প্রকাশ করেছেন।