পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে। তিনি বলেন, নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী কূটনীতি নিয়ে প্রশিক্ষণের এক সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথাবার্তা এখন একটি গতানুগতিক ধারা হয়ে গেছে, এ দেশের মানুষও এমনটা চায়।
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি। এছাড়াও নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।