প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর ঘাটতি রয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে, যা অব্যাহত থাকলে জামায়াত তাদের অবস্থান স্পষ্টভাবে জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে জুবায়ের বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি না হয়।
এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এবং দলটির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। পাশাপাশি এখন পর্যন্ত ১৫টি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
এর আগে সকাল ১১টায় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউর ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় কার্যালয়ে আসে। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা হয়।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, ইইউ ছাড়াও যুক্তরাজ্য, তুরস্কসহ আরও কয়েকটি দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল শিগগিরই জামায়াত কার্যালয়ে আসবে।