ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হতে আর একটি পুরো দিনও বাকি নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার, বাক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আর ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বাক্স পৌঁছে যাবে সন্ধ্যায়।
এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও মঙ্গলবার জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইজিপির মতে, ‘যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি নাই কারো। কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না।’
তবে তিনি এ-ও বলেছেন, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।
এর আগে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এবারের নির্বাচনে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া দুই হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।
তিনি আরও জানান, ৩০০ আসনের মধ্যে একটি আসনে ভোট স্থগিত রয়েছে এক প্রার্থীর মৃত্যুর কারণে। ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই।
অন্যদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করে আরও জানান, এদিন সকাল সোয়া ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোট দিয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন। এ ছাড়া পাঁচ লাখ সাত হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে চার লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশের ভেতরে ছয় লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে পাঁচ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন। পাঁচ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত চার লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।