প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এদিন পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এর আগে প্রধান উপদেষ্টা সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ভোট দেওয়ার পর ড. ইউনূস বলেন, ‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’
তিনি আরও বলেন, ‘আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী উৎসব করি, সবাই মিলে উৎসব করি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে—এটিই আমাদের আজকের প্রতিক্রিয়া।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’
দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সবাইকে অনুরোধ করব, এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।’