ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এবার মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট চলছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। দুপুরে ভোটের হার কম ছিল। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালো আছে।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩ জন।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।
অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ আর দল। বহু বছর পর শঙ্কামুক্ত ভোটদানের প্রত্যাশা নিয়ে গ্রামেগঞ্জে গেছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ।
গত ১১ ডিসেম্বের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী দুয়ারে প্রবেশ করে বাংলাদেশ। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটদানের সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সঙ্গে এই ব্যবস্থাপনায় ভোট দিতে পারছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরা।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এবার ২৯৯টি আসনে দল, স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। বিভিন্ন দলের ৬৩ জনসহ নারী প্রার্থী আছেন ৮৩ জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আবার ২০ নারী লড়াইয়ে রয়েছেন।
৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটদানের সুযোগ পাবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ পুরুষ, ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩২। ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা দিচ্ছে ইসি। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
ভোটগ্রহণের জন্য ৬৯ রিটার্নিং কর্মকর্তা ও ৫৯৮ সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি। এছাড়া ৪২ হাজার ৭৭৯ প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।