ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে একযোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একের পর এক নির্বাচন কমিশনে (ইসি) এলেও গণভোটের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল ইসিকে রিটার্নিং কর্মকর্তারা (ডিসি) দেয়নি বলেই জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে গণভোটের ফলাফলের বিষয়ে ইসির নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য জানান।
ইসি কর্মকর্তারা জানান, অনেক আসন থেকে গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়নি। আমাদের তথ্যমতে, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনার ডিসি (রিটার্নিং) সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের তথ্য দিলেও গণভোটের তথ্য এখনো দেননি। নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে খোঁজ নেওয়ার পর জানা গেছে, ডিসিরা বাসায় চলে গেছেন। ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের বলে গেছে, শুক্রবার গণভোটের ফলাফল ইসিতে পাঠাবেন। অর্থাৎ তাদের ফলাফল পাওয়ার ওপর গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা নির্ভর করছে বলে জানান কর্মকর্তারা।
এদিকে, চারটি সংসদীয় আসনে গণভোটে ‘না’ জয়ী হয়েছে। বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি। রাঙ্গামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি। এছাড়া খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।