গত বছর ফিফার করা একটি নিয়ম পরিবর্তনকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন একটি নিয়ম করেছে, যাতে বিশ্বকাপে শীর্ষ দলগুলো বেশি সময় টিকে থাকতে পারে। সংবাদমাধ্যম দ্য মিরর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ফিফা নতুন নিয়মটি ঘোষণা করে। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টে বাছাই হওয়া শীর্ষ চার দল সেমিফাইনালের আগে একে-অপরের মুখোমুখি হতে পারবে না।
তখন বিশ্ব র্যাঙ্কিং ও বাছাই অনুযায়ী স্পেন ছিল ১ নম্বর এবং আর্জেন্টিনা ছিল ২ নম্বর বাছাই হওয়া দল। ফলে দুটি দলকে ভিন্ন দুই অর্ধে রাখা হয়।
অন্যদিকে ফ্রান্স ও ইংল্যান্ড ছিল তৃতীয় ও চতুর্থ বাছাই দল। তাদেরও বিপরীত দুই অর্ধে রাখা হয়। ফলে ইংল্যান্ডের পক্ষে সেমিফাইনালের আগে স্পেন বা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে, ফ্রান্সের সঙ্গে তাদের সম্ভাব্য লড়াই কেবল ফাইনালেই হতে পারত।
তবে ফিফার এই নিয়ম কার্যকর হওয়া পুরোপুরি নির্ভর করছিল গ্রুপ পর্বের ফলাফলের ওপর। শীর্ষ চার বাছাই দলকে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। শেষ পর্যন্ত চার দলই গ্রুপসেরা হওয়ায় সেই পরিস্থিতিই বাস্তবে রূপ নেয়।
ফলে চার দলই এখন কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং প্রত্যেকেই ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। বর্তমান কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম।