দীর্ঘ বিরতির পর আবারও আবাহনী লিমিটেডের সঙ্গে সাংগঠনিক ভূমিকায় ফিরলেন ক্রীড়া সংগঠক আশীষ রায় চৌধুরী। ক্লাবটির পরিচালনা পর্ষদ তাকে ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে ক্লাবের প্রশাসন ইনচার্জের দায়িত্বও পেয়েছেন তিনি।
ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আশীষ রায় চৌধুরীর আবাহনীর সঙ্গে পুরোনো সম্পর্ক রয়েছে। একসময় তিনি ক্লাবটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ছোট ভাই দীপু রায় চৌধুরীও আবাহনীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং ক্লাবটির হয়ে ক্রীড়াবিদ ও কোচ হিসেবে কাজ করেছেন।
নতুন দায়িত্বে আশীষ রায় চৌধুরীকে ক্লাবের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ফুটবল বিভাগের সামগ্রিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ফুটবল কমিটির কার্যক্রমে সমন্বয়, পরিকল্পনা ও তদারকি, কর্মকর্তা-কর্মচারী, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে তার ওপর।
আবাহনী পরিচালনা পর্ষদ জানিয়েছে, ক্রীড়াঙ্গনে আশীষ রায় চৌধুরীর দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ক্লাবের প্রশাসনিক ব্যবস্থাপনায় গতি আনার পাশাপাশি ফুটবল বিভাগের কার্যক্রম আরও সুসংগঠিত করতে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছে পরিচালনা পর্ষদ।
ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন দায়িত্বে আশীষ রায় চৌধুরী তার অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা কাজে লাগিয়ে আবাহনীর ফুটবল কার্যক্রমকে আরও কার্যকর ও প্রতিযোগিতামুখী করতে ভূমিকা রাখবেন। একই সঙ্গে ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।