নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দেখা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অন্যদিকে ইসি বলেছে, নির্বাচিতদের গেজেট প্রকাশ হওয়ায় এখন তাদের করার কিছু নেই। তবে আইনের দরজা খোলা রয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। তার অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান সক্রিয় ছিল। যেমন অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি-ধামকি ও জাল ভোটের মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০ পিস্তল এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে-আমরা লক্ষ্য করেছি। কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে। বিষয়টি বারবার কমিশনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।’
নির্বাচনের ফলাফলের গেজেট তড়িঘড়ি প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। তার দাবি, দ্রুত গেজেট প্রকাশের কারণে অনেক প্রার্থী যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেননি।
ভোটের হার নিয়েও প্রশ্ন তোলেন ১১ দলীয় জোটের এই নেতা। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। কিন্তু কিছু কেন্দ্রে ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এক ধরনের ভোটের হার দেখা গেছে। আবার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রগুলোতে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য দেখা যায়।
এ ছাড়া ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে হামিদুর রহমান বলেন, ঢাকা-৬ আসনে তাদের প্রার্থীর একজন এজেন্ট মুসলিম হলেও ফলাফল শিটে একজন হিন্দুর স্বাক্ষর পাওয়া গেছে। আবার কিছু স্থানে পেনসিল দিয়ে ফলাফল লেখা হয়েছে। এসবের মাধ্যমে সূক্ষ্মভাবে কারচুপি করা হয়েছে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ৩২টি আসনে পুনঃগণনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। আযাদ বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগণনা, ফলাফল প্রকাশের ত্রুটির বিষয়ে আমরা কথা বলেছি। পার্টিকুলারলি ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। খেলাফত মজলিসের, আমি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, এনসিপির মুখ্য সমন্বয়কসহ অনেকের ক্ষেত্রে ঘটেছে। এসব তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। বলেছি এগুলো পুনঃগণনা করা হোক।’
তিনি আরও বলেন, ‘এখন প্রশ্ন তৈরি হচ্ছে। উনারা বলছেন, উনাদের নিয়ত ভালো, আইনের দরজা খোলা রয়েছে। সবই শুনেছি। আমরাও বলেছি অভিযোগ দিয়ে গেলাম, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। কিন্ত এখানে আমাদের অধিককার ক্ষুণ্ন করা হলো, এ প্রশ্ন রয়ে গেল।’
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলের বৈঠকটি শুরু হয়। চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে ছিলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা।