সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকদিন ধরে অন্যতম শীর্ষ ট্রেন্ড ‘কী, রাগ করলা’ সংলাপটি। ফেসবুকের পোস্ট, মিম পেজ কিংবা কমেন্ট সেকশন—সবখানেই এখন রাজত্ব করছে এই জনপ্রিয় ডায়ালগ। সাধারণ নেটিজেন থেকে শুরু করে তারকা ও কনটেন্ট ক্রিয়েটররা এটি ব্যবহার করে তৈরি করছেন মজার সব স্যাটায়ার ও রিলস। এই ঘটনার আসল রহস্য কী, কীভাবেই বা ভাইরাল হলো এটি?
এই ভাইরাল ট্রেন্ডের সূত্রপাত গত ১৭ মে রোববার। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশে বসে এক ‘গণক’ এক যুবকের ভাগ্য গণনা করছেন। মজার বিষয় হলো, প্রতিটা বাক্য বলার পরেই তিনি অদ্ভুত ভঙ্গিতে যুবকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন—‘কী রাগ করলা?’। গণকের এই বিশেষ বাচনভঙ্গি ও বারবার একই প্রশ্ন করার ধরনটি লুফে নেয় নেটিজেনরা, যা মুহূর্তেই ভিডিওটিকে ভাইরাল করে তোলে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই সেই গণককে বাস্তবের কোনো কবিরাজ বা জ্যোতিষী ভেবে বসেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি প্রকৃতপক্ষে কোনো গণক বা কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা।
জানা যায়, ভাইরাল যুবকের নাম ইমান আলি। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। স্থানীয় বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করেন তিনি। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করে থাকেন। এছাড়া ফেসবুকে তার নিজস্ব পেজে এই ধরনের আরও বেশ কিছু অভিনয়ের ভিডিও রয়েছে। মূলত একটি স্ক্রিপ্টেড বা সাজানো অভিনয়ের দৃশ্য থেকেই এই তুমুল জনপ্রিয় ‘রাগ করলা’ ডায়ালগের জন্ম।