প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন সরকার মাত্র কাজ শুরু করেছে, কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল শুরু থেকেই সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। কোনো সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।
রাজধানীর শায়লা হাফিজ মিলনায়তনে মঙ্গলবার (১০ মার্চ) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনিট বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি আরও বলেন, নতুন সরকার দেশের আন্দোলনের দাবির একটি অংশ হিসেবে কয়েক দিনের ব্যবধানে প্রায় ৩৬ হাজার সুবিধা চালু করেছে এবং পর্যায়ক্রমে আরও অনেক সুবিধা চালু করা হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সরকার একেবারেই নতুন। কিন্তু এক শ্রেণির মানুষ ও রাজনৈতিক দল শুরু থেকেই এমনভাবে কথা বলছে যেন এটি ১৭ বছরের পুরোনো সরকার, অথচ কিছুই করছে না।
তিনি আরও বলেন, এখনই সবকিছু দেওয়া সম্ভব নয়। প্রতিটি সরকারই সময় নিয়ে কাজ করে। তবে বর্তমান সরকার বিশ্রাম নেওয়ার সুযোগ না পেয়েই কাজ শুরু করেছে।
মির্জা আব্বাস বলেন, বর্তমানে একটি বৈশ্বিক দুরবস্থা চলছে। এ কারণে কিছু সমস্যা হওয়া স্বাভাবিক। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল এসব বিষয়কে ব্যবহার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। কোনো সরকারকে বিব্রত করে যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে তাকেও একদিন বিব্রত করা হবে উল্লেখ করে তিনি বলেন, এতে দেশের উন্নয়ন হবে না।
বিএনপি নেতা বলেন, উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট বা সেতু নির্মাণকে বোঝায় না। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করাও উন্নয়নের অংশ।
চিকিৎসকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, মানুষের সেবা করা একদিকে পেশা, অন্যদিকে খেদমতের কাজ। এই দুই বিষয় একসঙ্গে রেখে চিকিৎসার মান আরও উন্নত করতে হবে।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে চিকিৎসা খাতের কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর মধ্যে হার্টের অপারেশন, চোখের চিকিৎসা, দাঁতের চিকিৎসা ও ডায়াবেটিস চিকিৎসার কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ থেকেও রোগীরা বাংলাদেশে আসে।
তিনি আশা প্রকাশ করে বলেন, উন্নত চিকিৎসা ও সেবার মাধ্যমে চিকিৎসকরা দেশ ও জাতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন এবং একই সঙ্গে সরকার ও দেশের মানুষকে সহযোগিতা করবেন।