ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মর্মান্তিক মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২)-এর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি নিখোঁজদের দ্রুত সন্ধান ও আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, সাম্প্রতিক এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও তা এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রীচাপ বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর তদারকির অভাব স্পষ্ট। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি ও যাত্রী ভোগান্তির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেই।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, দুর্ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার, ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে যাতায়াতের চাপ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে।