মহিলা জামায়াতকর্মী গ্রেপ্তার
ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তারের ঘটনাকে পুরনো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাওদার মুক্তি দাবি জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই পুনরাবৃত্তি। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে বিনা অপরাধে মধ্যরাতে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া শুধু অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এ ধরনের অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান ডাকসুর এই ভিপি।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।