জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। এর উদ্বোধন করা হবে রাজধানীর শাহবাগে। এ ছাড়া ১১ এপ্রিল সব মহানগরীতে ও ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন দলের নেতারা।
এর আগে সকাল ১০টা থেকে একই স্থানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ১১ দলের শীর্ষ নেতারা।