ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদান বারবার প্রমাণিত হয়েছে। ১৯৪৭ সালের আজাদির আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও পরের বিভিন্ন গণঅভ্যুত্থানে শ্রমিকরাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানেও প্রাণ দেওয়া মানুষের বড় একটি অংশ ছিল শ্রমজীবী।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শ্রমজীবী মানুষের রক্তের ওপর ভর করেই বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার এক মাসের মধ্যেই তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে এবং গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের ত্যাগ ও রক্তের কথা ভুলে গেছে।’
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করা ও সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তা ভঙ্গ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনো ভালো হয় না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকদের অধিকার ও সংস্কার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।’
সম্মেলনে শ্রমিক অধিকার, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।